এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় চার আসামীর ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ৮:৫৫ পূর্বাহ্ণ

সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার শিক্ষার্থীর ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরা হলো সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। দুটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রোববার এ সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ জানান, এ চারজনের মধ্যে মাহফুজুর রহমান মাসুম কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। সে কলেজ ছাত্রাবাসেরও বৈধ বোর্ডার ছিলো। সাইফুর রহমান বিএ পাস এর শিক্ষার্থী। এ দুজনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আর শাহ মাহবুবুর রহমান রনি ইংরেজি অনার্স এবং রবিউল ইসলাম পাস কোর্সে বিএ পাশ করেছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামীকে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা এক গৃহবধূকে জোরপূর্বক ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণ করে এ দূর্বৃত্তরা। এ ঘটনায় এমসি কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটিই এ চার শিক্ষার্থীর ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিলের সুপারিশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এসব সুপারিশের পরিপ্রেক্ষিতেই রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত জানায় বলে নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh