সিলেটে নতুন করে করোনা আক্রান্ত ৩৩

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ২:২১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৫১ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৪ জন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে জেলায় ২ জন। বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে নতুন করে ৫ জন ও হবিগঞ্জ জেলায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৫১ রোগীর সর্বোচ্চ ৫০ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া বাকী একজন সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৭৮২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh