ওসমানী মেডিকেল ঘুরে গেলেন এসআই আকবর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ৫:০৮ অপরাহ্ণ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্তকৃত) আকবর হোসেন ভূঁইয়া বর্তমানে ৭ দিনের রিমান্ডে পিবিআই’র অধীনে আছেন।

শুক্রবার সন্ধ্যার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় তাকে নিয়ে যায় পিবিআই।

এ বিষয়ে কথা বলতে রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

তবে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ। তিনি বলেন, “এসআই আকবর অসুস্থ হলে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।”

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই কমিটি দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই গা ঢাকা দেন এসআই আকবর। দীর্ঘ ২৯ দিন পর গত ৯ নভেম্বর ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh