আজ থেকে সিলেট বিভাগে ৩ দিনের পরিবহন ধর্মঘট

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১:০১ পূর্বাহ্ণ

সিলেটের সবগুলো পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এতে একাত্মতা পোষণ করেছে সিলেটের সব গণপরিবহণ শ্রমিক ইউনিয়ন।

এ ধর্মঘটের আওতায় থাকবে সিলেট বিভাগের গণপরিবহন ও পণ্য পরিবহন। তবে বৃহত্তর সিলেট বিভাগজুড়ে ধর্মঘট পালন করার জন্য পরিবহণ শ্রমিক ও মালিকরা মিলে ধর্মঘটের ডাক দিলেও তা প্রত্যাখ্যান করেছে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকরা।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বড় ধরণের ভোগান্তিতে পড়তে হবে সিলেটের মানুষকে। এমনকি পণ্য পরিবহন বন্ধ থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিয়েও ব্যবসায়ীদের পড়তে হবে ভোগান্তিতে। এছাড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ডাকা এ পরিবহন ধর্মঘটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

পণ্যপরিবহন বন্ধ রাখার ব্যাপারে সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সরকার বলেন, পাথর কোয়ারি না হলে সিলেটের ট্রাকগুলোর কি হবে? দীর্ঘদিন থেকে পাথর কোয়ারি বন্ধ থাকায় ট্রাক মালিক অনেকেই ব্যাংকের লোন পরিশোধ করতে পারছেন না।

দেশের অন্যান্য জেলার ট্রাক শ্রমিকরা চলেন কি করে প্রশ্ন করা হলে আবু সরকার বলেন, আমাদের সিলেটে যে পরিমাণ ট্রাক তা কোথাও নেই। সকল ট্রাকই পাথর কোয়ারির কথা চিন্তা করে কেনা। কিন্তু এখন কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক, মালিক সকলেই বিপাকে। তাই আমরা চাই কোয়ারিগুলো খুলে দেওয়া হোক।

গণপরিবহনের ধর্মঘটে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন, ট্রাকের উপার্জন কম হয়। আর আমরাতো পরিবহণ শ্রমিকরা এক। তবুও প্রথমে আমরা সম্মত হইনি। পরে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে আমরাও সম্মত হয়েছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh