কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ আগস্ট ২০২২, ১:৫৮ অপরাহ্ণ


কলেরা সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পাঁচ এলাকায় দ্বিতীয় ডোজ টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে বুধবার।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, আজ থেকে ১০ আগস্ট পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয়-ডোজ কলেরা টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। তবে শুক্রবার (৫ আগস্ট) ও মঙ্গলবার (আশুরার দিন-৯ আগস্ট) টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

আইসিডিডিআর,বি জানায়, ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরে প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন অধিবাসীকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। যারা ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণ করেছেন, তারা স্ব স্ব টিকাদান কেন্দ্রে টিকাদান কার্ড প্রদর্শন করে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, ইতোমধ্যেই যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, কেবল তারাই দ্বিতীয় ডোজ পাবেন। তবে গর্ভবতী নারী এবং যারা বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, তারা টিকা নিতে পারবেন না। এই টিকা নেয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেয়া যাবে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh