২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করলো ডিএসসিসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ২:২১ অপরাহ্ণ


২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন অর্থবছরের জন্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে গত ২৬ জুলাই নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেয়া হয়। পাশাপাশি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩.৬৯ কোটি, রাজস্ব আয় ১২০৮.৭০ কোটি, অন্যান্য আয় ৫৭.৮০ কোটি, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪৮১৬.০৯ কোটি টাকা।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৯২৩ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিলো ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এছাড়াও ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করলো সংস্থাটি।

মেয়র পদে দায়িত্ব নেয়ার পর গত দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র তাপস। দায়িত্বগ্রহণের পর এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh