পুলিশের সাবেক আইজিপি’র বাড়িতে ডাকাতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২:১৫ অপরাহ্ণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার শিবপাশা গ্রামে ডাকাতরা সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা জাহাঙ্গীর আলমের স্ত্রীর গলায় অস্ত্র টেকিয়ে ও তার ভাগ্নের চোখ, হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বুধবার রাতে বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা করেন।

সাবেক আইজিপির ভাতিজা সৌদিআরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার ভোরে একদল ডাকাতদল তার ঘরে ঢুকে তার স্ত্রী ও মাকে রামদা দেখিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে। এ সময় ডাকাতরা তার স্কুল পড়ুয়া ভাগ্নেকে ধরে চোখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল সাবেক আইজিপির বাড়িতে যান। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় কয়েক লক্ষাধিক টাকার লুটপাটের অভিযোগ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh