বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ৪:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে এ স্মারক সই হয়। এসময় উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিত ছিলেন।

সই হওয়া স্মারক এর মধ্যে রয়েছে- অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ভারত ও বাংলাদেশের পানি প্রত্যাহারের বিষয়ে ভারত সরকারের জল শক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, ভারতে বাংলাদেশের রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে ভারতের রেল মন্ত্রণালয় এবং বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের জন্য এফওআইএস ও অন্যান্য আইটি অ্যাপ্লিকেশনের মতো আইটি সিস্টেমে সহযোগিতার জন্য ভারতের রেল মন্ত্রণালয় ও বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক।

অন্যান্য সমঝোতা স্মারকগুলো হচ্ছে- ভারতে বাংলাদেশ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির বিষয়ে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও বাংলাদেশের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রগুলোতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে সম্প্রচার সহযোগিতা সংক্রান্ত স্মারক।

সমঝোতা স্মারক সইয়ের আগে হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যকার আলোচনায় নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন, রোহিঙ্গা, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানবপাচার মোকাবিলার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো প্রাধান্য পায়।

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ দুটি এ সংকটগুলো কাটিয়ে উঠতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে।

দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে গার্ড অব অনারও দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

এ উপলক্ষে ভিডিও ক্লিপে মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র, রূপসা সেতু, সড়ক নির্মাণ যন্ত্রপাতি ও মেশিনারি সরবরাহ, খুলনা-দর্শনা রেলওয়ে লাইন এবং পার্বতীপুর কাউনিয়া রেলওয়ে লাইন প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর একটি বই নরেন্দ্র মোদির কাছে হস্তান্তর করেন। ভারতে বাংলাদেশ হাই কমিশন বইটি প্রকাশ করেছে।

শেখ হাসিনা তার সম্মানে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদি আয়োজিত একটি মধ্যাহ্নভোজনেও অংশ নেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh