কমলগঞ্জে কালভার্ট মুখে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ

কালভার্টের মুখের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টিতে এ পথে মানুষজন রীতিমতো ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দিনের বেলা দেখে শুনে পারাপার হলেও রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষজন একালভার্ট পারাপার হচ্ছেন। ঝুঁকি নিয়ে চলছে নানা ধরনের যানবাহন। এতে করে যেকোনো সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর-ইসলামপুর সীমানা এলাকার ডালুয়াছড়া কালভার্ট এলাকায় এ গর্তের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রবেশদ্বার ৫.৫ কি.মি. দীর্ঘ আদমপুরের মধ্যভাগ-ইসলামপুর ইউনিয়ন অফিস সড়কের প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে প্রায় ৩ বছর আগে। উপজেলা এলজিইডি বিভাগ এ রাস্তাটি পাকাকরণ করে। এই দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক নাগরিকের চলাচলের প্রধান সড়ক এটি।

এ এলাকার স্থানীয় অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণচাঁদ সিংহ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ বলেন, একত্রিশ বছরেরও আগে ডালুয়াছড়ায় তিনলক্ষ পয়ষট্টি হাজার টাকার নির্মাণাধীন কালভার্ট কারিগরি জটিলতার কারণে এক পার্শ্ব দেবে যায়। পরে এ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের বদৌলতে পাশেই এ কালভার্ট নির্মিত হয়। এই মুহূর্তে এই কালভার্টের পশ্চিম পার্শ্বে নিচের মাটি সড়ে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয় এবং বাকি যে অংশটুকু আছে, তাও সুড়ঙ্গ হয়ে গেছে। তারা এ প্রতিনিধিকে আরো জানান, যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের বিপদ হতে পারে।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সড়কে কালভার্ট মুখে এ সমস্যা হয়েছে তা তিনি জানেন না বা কেউ জানায়নি। তবে তিনি সরেজমিন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh