সিলেটে ৪ জেলা পরিষদ নির্বাচন: আ.লীগের মনোনীত প্রার্থী হলেন যারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ

সিলেট বিভাগের ৪ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় ৬১টি জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা করা হয়। বিকালে চারটা থেকে শুরু হয়ে মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত।

বৈঠকের শুরুতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, কর্নেল ফারুক খান, ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব উল আলম হানিফ।

সিলেট বিভাগের চার জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন খান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খায়রুল কবির রুমেন ও হবিগঞ্জে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh