সব
সিলেট অফিস,

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে দা ও করাত দিয়ে স্ত্রী আছিয়া বেগম (৫০) কে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপেজলার পাইলগাঁও (রানীনগর) গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী নুর আহমদকে (৫৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামের নুর মিয়ার সৌদি প্রবাসী মেয়ে সিমা বেগম বিদেশ থেকে তাঁর মায়ের কাছে টাকা পাঠিয়েছে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। রোববার ভোরে তাদের মধ্যে এ নিয়ে ঝগড়ার পর্যায় স্বামী নুর আহমদ আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলাকেটে দেন। স্ত্রী রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাহিরে পুকুর পাড়ে পড়ে থাকেন।
পরে স্থানীয়রা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠায় এবং ঘাতক স্বামীকে আটক করা হয়।
এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত উদ্ধার করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্ত কার্যক্রম চলছে।