সিলেটেও ডেঙ্গুর হানা : চিকিৎসাধীন ১০ জন, আক্রান্ত ১৯ ছাড়িয়েছে

এমজেএইচ জামিল,

  • প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ৬:৩০ পূর্বাহ্ণ


দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কখনও এ সংখ্যা করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সিলেটেও ছোবল দিয়েছে ডেঙ্গু। এক সপ্তাহে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ জন। তাদের সকলেই বর্তমানে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮ জন সিলেট জেলা ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া নগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে ডেঙ্গুরোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন। নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে তাদের তথ্য জানা যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৫ জন। এই সময়ে সিলেট বিভাগে একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গেল সেপ্টেম্বর মাস পর্যন্ত সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। এদিকে চলতি অক্টোবর মাসে এক সপ্তাহে শনাক্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে একদিনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সর্বোচ্চ ৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন।
জানা গেছে, চলতি মৌসুমের প্রথম দিকে বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হলেও সিলেট জেলায় কোন ডেঙ্গুরোগী শনাক্ত হয়নি। সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রথমবারের মতো সিলেট জেলায় ২ জন শনাক্ত হন। এছাড়া গেল সপ্তাহে শুধু সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ৮ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন।
বর্তমানে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভাগের ১০ জন ডেঙ্গুরোগীর মধ্যে ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে, ৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সকলের শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে সম্প্রতি শনাক্ত হওয়া সিলেট জেলার ৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৪ জনের সিলেটের বাইরে যাওয়ার তথ্য থাকলেও বাকী ৪ জন সিলেটের বাইরে না গিয়ে নিজ বাসাতেই ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। যদিও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সবাই সিলেটের বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এর আগে ২ দফায় অভিযানে নগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গুরোগের বাহক এডিস মশার লার্ভা উদ্ধার করে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ। অভিযানে লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানাও করা হয়। সর্বশেষ নগর এলাকায় এক সাথে ৮ জন ডেঙ্গুরোগীর শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কারণ দেশে প্রতিদিনই ডেঙ্গুরোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে।
জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: তারেক আজাদ দৈনিক জালালাবাদকে বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটিতে ১ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। বৃহস্পতিবার ২ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মাঝে মাঝে ডেঙ্গু উপসর্গ নিয়ে রোগীরা আসেন তবে দ্রুত সুস্থ হয়ে ফিরে যান। সিলেটের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো আছে বলেও জানান তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া দৈনিক জালালাবাদকে জানান, বুধবার পর্যন্ত ওসমানী হাসপাতালে ৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন ছিলেন। তবে বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। ডেঙ্গুরোগীদের শারীরিক অবস্থা ভালো থাকায় দ্রুত রিলিজ হচ্ছে। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: হিমাংশু লাল রায় দৈনিক জালালাবাদকে বলেন, দেশে ডেঙ্গুরোগী বাড়ছে ঠিক। তবে সিলেটে তেমনটা বাড়ছেনা। অতীতেও সিলেটে ডেঙ্গুর প্রাদুর্ভাব ততটা বাড়েনি। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা মূল ভুমিকা পালন করে থাকে। চলতি মৌসুমে বিভাগে এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হলেও সকলেই সুস্থ রয়েছেন। কেউ মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
তিনি বলেন, সম্প্রতি আক্রান্ত হওয়া সকলেরই সিলেটের বাইরে যাওয়ার তথ্য আছে। তারা বাইরে থেকেই আক্রান্ত হয়েছেন। তবে অনেকেই বাইরে যাওয়ার তথ্য গোপন করতে চায়। সিলেটবাসীকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। বাসা-বাড়ী, দোকানপাঠের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুরোগের বাহক এডিস মশার প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস করতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh