মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২, ৮:১৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই পুতুল সিংহ (৬০) খুন হয়েছেন। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে পুতুল সিংহের স্ত্রী লক্ষী রানী সিন্হাও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বড় ভাই পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। পুতুল সিংহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা ও ছেলে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্ত্রী লক্ষী রানী সিন্হার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো থানায় কোনও মামলা দায়ের হয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh