মাধবপুরে ছুরিকাঘাতে ছাত্র হত্যা

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ৬:১১ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতিকুল ইসলাম মিশু (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আতিকুল ইসলাম মিশু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের পুত্র। সে মাধবপুর মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে আতিকুল ইসলাম মিশু তার বন্ধু তারেক মিয়াসহ কয়েকজন মিলে ছাতিয়াইন গ্রামে একটি ওয়াজ মাহফিলে যায়। সেখানে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে তারেক মিয়া ও হরিতলা গ্রামের শফিক মিয়ার পুত্র শিমুল মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিমুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে তারেকের উপর হামলা চালায়। তারেককে বাঁচাতে এগিয়ে আসে আতিকুল ইসলাম মিশু। এসময় তাকেও ছুরিকাঘাত করে তারা। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় তারেককে সিলেটে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, এক্তিয়ারপুর গ্রামের জনৈক কিশোরীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিয়ে পুলিশ আরো তদন্ত করছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh