সব
স্বদেশ বিদেশ ডট কম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী ট্রেন থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তাবন্দি অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করা হয়।
প্রাণীটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ছিল। হরিণটিকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ভেতর একটি বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হরিণটি হত্যা করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিল।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি প্রাণীটিকে ধারলো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বলেন, লাউয়াছড়ার পার্শ্ববর্তী চা বাগানে হরিণগুলো মাঝে মাঝে ঘুরে বেড়ায়। হয়ত সেখান থেকেই প্রাণীটিকে ধরে জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে তদন্ত চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান। মৃত হরিণটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।