সিলেটে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেল ৯ প্রতিবন্ধি পরিবার

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৮ মার্চ ২০২৩, ৪:২২ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেয়া উপহার ‘জায়গা ক্রয় করে, নতুন ঘর পেয়েছেন উপজেলার ৯টি গৃহহীন-ভূমিহীন প্রতিবন্ধি পরিবার। ৩০ লাখ টাকায় ২০ শতক জায়গা ক্রয় করে প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৯টি পৃথক পাকাঘর নির্মাণ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। প্রতিটি ঘরে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা করে ব্যয় হয়েছে। এর সাথে প্রত্যেক ঘরে রয়েছে বিদ্যুৎ সংযোগের পৃথক পৃথক মিটার ও বিশুদ্ধ পানি পানের জন্য একটি গভীর নলকূপ।

মঙ্গলবার ৭ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে গৃহহীন-ভূমিহীন প্রতিবন্ধি পরিবারের জন্য দেয়া উপহারের ঘরগুলো পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। গেল ৬ মার্চ সোমবার থেকে বসবাস শুরু করেছেন ওই ৯টি গৃহহীন-ভূমিহীন প্রতিবন্ধি পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন উপজেলার পালেরচক গ্রামের সুরমিন বেগম, আমতৈল গ্রামের তানিম আহমদ, জিয়া উদ্দিন, হেলাল উদ্দিন, নেহারা বেগম, জমসেরপুর গ্রামের রুমানা বেগম, রামপাশা গ্রামের শিল্পী বেগম, কাঠলীপাড়া গ্রামের আমিরুন নেছা, গড়গাঁও গ্রামের আলমগীর মিয়া।

প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা, তিনটি করে ফলজ গাছের চারা (আম, লেবু ও মাল্টা), সবজির বীজ ও শীতের কম্বল বিতরণ করেন। এসময় খালি জায়গায় আম ও লেবুর চারা রোপন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার, স্থানীয় (৬নং) ওয়ার্ডের মেম্বার জামাল আহমদসহ বিশ্বনাথের শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh