সব
স্বদেশ বিদেশ ডট কম

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত থাকা মেয়র জাহাঙ্গীর আলমকে তার পদে পুনর্বহাল করার জন্য স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আবেদন করেছেন সিটি করপোরেশনের কাউন্সিলরগণ। ওই আবেদনে সিটির ৬১ জন কাউন্সিলর স্বাক্ষর করেছেন।
রোববার সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগে গাজীপুর উন্নয়ন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করনের লক্ষ্যে জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দেয়ার জন্য আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশনের ৬১ জন কাউন্সিলর আমাকে মেয়র পদে পুনর্বহাল করতে আবেদন করেছেন। তারা নিজ উদ্যোগে এই আবেদন করেন। চিঠিতে গাজীপুরের উন্নয়ন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দিতে আবেদন করেন কাউন্সিলররা।
এর আগে, গত ১ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার এবং ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।