সব
স্বদেশ বিদেশ ডট কম

মৌলভীবাজারের কমলগঞ্জে উইমেন্স এন্ড ই-কমার্সের উদ্যোগে উই হাটবাজার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তারা এই মেলায় ১০ লক্ষাধিক টাকার পণ্য বিক্রীর আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কমলগঞ্জের জেলা পরিষদ অডিটরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ মহিলা ক্লাবের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা উই এর সভাপতি ফাতেমা কবির মুক্তাসহ উদ্যোক্তারা।
মেলায় ১২টি স্টলে নিজেদের হাতে তৈরি মণিপুরি শাড়ি, ওড়না, ব্লাউজের কাপড়, বিভিন্ন প্রকারের পিঠা-পুলি, সো পিছ, হ্যান্ড পেইন্টিং, ব্লকপ্রিন্ট ও বুটিকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়। মেলায় আসা ক্রেতারা অল্প টাকায় মানসম্মত পণ্য কিনতে পেরে খুশি।
মেলার আয়োজকরা জানান, এক দিনে তাদের অনলাইন পেইজ ও সরাসরি ১০ লাখ টাকার উপরে বিক্রীর আশা করছেন তারা। উদ্যোক্তা মনিতা চানু বলেন, তারা দৈনন্দিন কাজের পাশাপাশি ই মার্কেটিংয়ের মাধ্যমে মাসে ৫০ হাজার টাকার উপরে রোজগার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে উই একটি ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, ঘরে বসে মহিলারা ইন্টারনেট ব্যবহার করে তাদের তৈরিকৃত পণ্যগুলো বিক্রী করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।