বিএনপি অগণতান্ত্রিক পথ ছেড়ে নির্বাচনে এলে স্বাগত জানাব: নানক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মে ২০২৩, ৫:২৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ করতে যেই আসুক তাকে স্বাগত জানানো হবে। যদি বিএনপি অগণতান্ত্রিক পথ ছেড়ে দিয়ে গণতান্ত্রিক পথে নির্বাচনে আসে আমরা তাদের স্বাগত জানাব।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নানক বলেন, সিলেট সিটির সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ছিল দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সেই নির্বাচনে কোনো না কোনো ছিদ্র ছিল বলেই আমরা পরাজিত হয়েছি। তাই এবার আমরা সকল ছিদ্র বন্ধ করে সিলেটের আওয়ামী লীগের সবাই ঝাঁপিয়ে পড়ব।

তিনি বলেন, আমাদের সিলেট ৩ আসনের নির্বাচনের দিকে তাকানো উচিত। সেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করেছে। সেই জয়ের শুভযাত্রা এবার অক্ষুন্ন থাকবে।

তিনি সিলেটের কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করে বলেন, প্রচুর বরাদ্দ থাকা সত্ত্বেও সারাদেশে শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh