সব
স্বদেশ বিদেশ ডট কম

অবশেষে সিলেট রেজিস্ট্রারি মাঠে আজ শনিবার (২০ মে) সমাবেশ করার অনুমতি পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নানা নাটকীয়তার পর পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করতে যাচ্ছেন তিনি।
অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস।
এর আগে সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে আজ শনিবার (২০ মে) সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন মেয়র আরিফুল হক চৌধুরী, এমনটি আগেই জানিয়েছিলেন তিনি।
সমাবেশের জন্য অনুমতি চেয়ে তিন দিন আগে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানান তিনি। তবে বৃহস্পতিবার (১৯ মে) বিকালে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তিনি। সেখানে এক ঘণ্টা অবস্থান করেন তিনি।
অবশেষে শনিবার (২০ মে) রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনুমতি পেয়েই রেজিস্ট্রারি মাঠের ভিতরে প্রবেশ করেন মেয়র আরিফ।
সুদীপ দাস জানান, সার্বিক বিবেচনায় শনিবার সমাবেশ করতে অনুমতি প্রদান করা হয়েছে। বিকেল ২টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে তার কোনো বাধা নেই।
এদিকে আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ৩-৪ দিন আগে পুলিশ কমিশনার ও রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন করেছি। কেউ আমাকে কিছু বলেননি। শনিবার সভা। আবহাওয়াজনিত কারণে প্যান্ডেল নির্মাণ করতে আসছি। এখন কোনো ধরনের নোটিশ ছাড়াই আমার লোকজনকে বলা হয়েছে, ‘এখানে সমাবেশ করা যাবে না। ওপরের নির্দেশ।’ কী কারণে করতে পারব না, সেটাও জানানো হয়নি।
তিনি আরও বলেন, আমিতো সরকারের অংশ, আমাকে বলা উচিত ছিল যে এখানে করতে পারবেন না। ওখানে করেন। হয় চিঠি দিয়ে জানাবেন, না হয় মৌখিকভাবে জানাবেন। কিছুই করবেন না? আমাকে এখানে প্রোগ্রাম দেওয়া না হয় তাহলে আমি নগরবাসীর সেবক হিসেবে রাস্তায় বসে গেলাম। সকল নগরবাসীর কাছে দোয়া চাই। জানি না এটাকে কেন্দ্র করে হয়তো আমার ওপর আরও কিছু অপেক্ষা করছে। সবাই যার যার ধর্ম মতে দোয়া করবেন। পুলিশ গেট তালা দিয়ে রেখেছে। কথা বলার অধিকার হরণ করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে সুদীপ দাস জানিয়েছিলেন, মেয়র মহোদয় রেজিস্ট্রারি মাঠে শনিবার সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় তাকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতূহল আরও বাড়িয়েছে।