বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ২:২৪ অপরাহ্ণ


বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৯ জুন) সকাল ৯টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ অবরোধ পরে পুলিশের অনুরোধে তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ উল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ।

আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে কারখানায় কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের সৃষ্টি করে।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh