মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ


বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে রনি নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, আমরা কয়েক বন্ধু মিলে আলাদাভাবে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরতে যাই। ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে পৌঁছালে রনির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণী শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তার বাবার নাম জজ মিয়া। বর্তমানে সবুজবাগে ভাড়া বাসায় থাকতো রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh