সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ

সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এবার এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এম মনিরুজ্জামান মনির বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।

প্রসঙ্গত, এম মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। এই আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন তিনি। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

এ আসনে ব্যারিস্টার এম শাহজাহান ওমর ও এম মনিরুজ্জামান মনির প্রার্থী ছাড়া আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন তালুকদার (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মামুন সিকদার (ছড়ি)।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh