মামলার তদন্তে গিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মে ২০২৪, ৪:১০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের ছাতকে একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী। পরে ওই নারীর করা মামলায় চাকরি হারান ওই পুলিশ কর্মকর্তা। এবার রায়ে আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। প্রায় ১২ বছর মামলার বিচারকাজ শেষে আজ বৃহস্পতিবার ওই মামলার রায় হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ জেলা সদরে আজিজুর রহমান চৌধুরী ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তখনই ছাতক পৌর শহরের একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। প্রায় ১২ বছর পর বৃহস্পতিবার ওই মামলার রায়ে তিনি যাবজ্জীবন সাজা পেয়েছেন। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh