হামাসের বিরুদ্ধে অভিযানে ৩০০ সেনা হারাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১১ জুন ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় হামাসের ফাঁদে পা দিয়ে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা যায়, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যান ওই সেনারা। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কিনা, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন।

কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে। পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ৩০০ সেনা হারাল ইসরায়েল। এই সংখ্যার মধ্যে চার জিম্মিকে উদ্ধার অভিযানের সময় শনিবার নিহত একজন পুলিশ কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh