আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য প্রকাশ: বরখাস্ত এডিসি জিসানুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ


গাজীপুর মহানগর পুলিশের এডিসি কমিশনার জিসানুল হক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: সংগৃহীত
ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার জাতীয় পরিচয়পত্রসহ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সাবেক ডিএম‌পির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নি‌য়ে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় ওই অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ একজন এসআই ও এএসআইসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতেই তা‌কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিসানুল হক (বিপি-৮৫১৪১৬৬৩৩১), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগ, জিএমপি, গাজীপুর-এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সরকারি সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন; এবং ০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে একটি চিঠি দেয় পুলিশ হেডকোয়ার্টার্স। এতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh