লন্ডনে দু‘দিনব্যাপী দ্বাদশ বাংলাদেশ বইমেলা, সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২:২২ অপরাহ্ণ

বিগত একযুগের ধারাবাহিকতায় এবারও লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল দু‘দিনব্যাপী দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর আয়োজনে প্রতিবছরের মত এবারও ১৪ ও ১৫ সেপ্টেম্বর শনি ও রবিবার পুর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে প্রতিদিন দুপুর ১.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত চলে বই মেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।

অন্যান্য বছরের ন্যায় এববারও বাংলাদেশের কয়েকটি প্রকাশনী সংস্থা মেলায় যোগদেন। যুক্তরাজ্যের বই মেলাকে কেন্দ্র করে এবছর এ পর্যন্ত প্রবাসী লেখকদের ১৫ টির অধিক বই প্রকাশিত হয়েছে, মেলার আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ বলেন, এবছরও ইউরোপ আমেরিকা থেকেও আমাদের বই মেলায় অতিথিগণ যোগ দিয়েছেন, ভিসা জটিলতার কারনে বাংলাদেশের বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা ও অতিথিরা আসতে পারেননি। সংগঠনের সভাপতি কবি, লেখক ময়নূর রহমান বাবুল বলেন, বাংলাদেশের অমর একুশের বই মেলার পরে লন্ডনের এই বই মেলা আমার জানামতে দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসাবে পরিচিত। এই বইমেলাকে কেন্দ্র করে প্রতিবছর ১৫/২০ টা বই এবং ২/৩টা সংকলন, লিটলম্যাগ প্রকাশিত হচ্ছে । বিশেষ করে প্রবাসী লেখক কবি সাহিত্যিকদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরী হয়েছে। আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই ক্ষেত্রটা যে কোন মূল্যে ধরে রাখতে চাই। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রবাসে আমাদের আত্মপরিচয় এর সংযোগ স্থাপনের এক বড় মাধ্যম। এর মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে হবে। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে এই বই মেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে যেন একটি আন্তঃসংযোগ সম্পর্ক স্থাপিত হয় ।প্রবাসে আমাদের জন্য অক্সিজেন হিসাবে কাজ করে এই আয়োজন।

বাংলাদেশ এবং পম্চিমবঙ্গের পর তৃতীয় বাংলাখ্যাত লন্ডনে বাংলা সাহিত্য ও সংস্কৃতি কর্মকান্ডে নিয়োজিত সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সেতুবন্ধন রচনা করে এই বহুজাতিক সমাজে বাংলা সাহিত্য ও সাংস্কৃতির প্রচার ও প্রসারকে আরো বেগবান করতে ২০০৯ সালে প্রথম গঠিত হয় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ । প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় ২০১০ সালের ১১-১২ ও ১৩ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজন করা হয় তিন দিনব্যাপী প্রথম বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। তখন থেকে শুরু হয় লন্ডনে বই মেলার ।

এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের দ্বাদশ বাংলাদেশ বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ১৪ সেপ্টেম্বর লন্ডন সময় বিকাল ৩ টায় মাইল এন্ড পার্ক এর দ্য আর্ট প্যাভিলিয়ন সেন্টারে বাংলাদেশ থেকে আগত প্রখাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামিমা আজাদ সহ লন্ডনের এবং অন্যান্য দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক, গুণীজনরা । উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, বইমেলা একটি জাতির কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেই জাতিকে করে সম্মানিত। নানান প্রতিকূলতার মুখে বিদেশের মাটিতে যারা এ আয়োজন করেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কারণ তারা মহতী কাজের সাথে লিপ্ত আছেন। এবারের মেলায় মোট ১৪ টি বইয়ের স্টল রয়েছে । এখানে সব বয়সের মানুষের সমাগম ঘটেছে । কেউ বই কিনছেন ,কেউ নৃত্য উপভোগ করেছন, কেউ বা কবিতা আবৃত্তি শুনছেন, কেউবা আবার স্বরচিত কবিতা পাঠ করছেন । সব মিলিয়ে মেলা একটি উৎসবে পরিণত হয় । এবারের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সাহিত্য পদক লাভ করেন কবি ফারুক আহমেদ রনি। এই পদক প্রাপ্তিতে তিনি জানান , এটি তার কাজের স্বীকৃতি এবং তিনি এই সম্মানের জন্য সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এইরকম সম্মান জানালে সমাজে গুণীজন সৃষ্টি হবে । সংগঠনের সভাপতি মইনুর রহমান বাবুল জানান, এবারের বইমেলায় তারা বিভিন্ন বয়সের মানুষের সাড়া পেয়েছেন প্রচুর ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh