সুনামগঞ্জে মা-ছেলে খুন

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

সুনামগঞ্জ শহরের হাছননগরে (এসপির বাংলোর সামনের বাসা) নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। এরা হলেন- ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজের বুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক। একইসঙ্গে পুলিশও কাজ করছে। ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবার পর সে ওখানেই থাকছে। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা। নার্গিস বেগমকে অসুস্থ অর্থাৎ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি নাজমুল হক জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাসায় ভাড়াটিয়া ফয়সল ও ফাহমিদ নামের নিহতদের দুইজন আত্মীয় ছিল। ওদেরকে পাওয়া যাচ্ছে না। ফয়সল মাদকাসক্ত ছিল। পুলিশ ঘটনা তদন্ত করছে। পিবিআই’এর একটি দলও আসছে। তারাও তদন্ত করছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh