স্পেনে আকস্মিক বন্যায় নিহত ৫১, পানিবন্দি বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ

প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ। আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে প্রবল এবং টানা বর্ষণের জেরে বুধবার প্রদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার। খবর বিবিসি, রয়টার্স।

এছাড়া এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটিতে টানা ভারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, এতে বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্পেনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন, পানির স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে গাছেও উঠেছেন অনেকে।

ভ্যালেন্সিয়ার গভর্নর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যার কারণে প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সে এলাকাগুলোতে বসবাসরত লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরাও সেসব এলাকায় যাওয়া উপায় করতে পারছে না।

বন্যার কারণে রাজধানী মাদ্রিদ এবং বার্সেলোনার বিভিন্ন শহরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, স্কুল এবং অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ভ্যালেন্সিয়ার আলজিরা শহরে প্রবল বর্ষণের মধ্যে গাড়িতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

উদ্ধারকাজে জরুরি পরিষেবা কর্মীদের সহযোগিতার জন্য স্পেনের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে কয়েকটি সেনা ইউনিটকে মোতায়েন করেছে। এই সেনারা উদ্ধার তৎপরতা পরিচালনায় দক্ষ।

ভ্যালেন্সিয়ায় বর্ষণ এখনও থামেনি। স্পেনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এইমেট সর্বশেষ পূর্বভাসে ভ্যালেন্সিয়ায় লাল সতর্কতা সংকেত জারি করে বলেছে, শিগগিরই বর্ষণ না থামলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

স্পেনের আবহাওয়া দপ্তর আইমেত ভ্যালেন্সিয়া অঞ্চলের জন্য রেড অ্যালার্ট এবং আন্দালুসিয়ার কিছু অংশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

অন্যদিকে ভ্যালেন্সিয়ায় বেশ কিছু ফ্লাইট বন্যার কারণে অন্য শহরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিছু বাতিল করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে সব ধরনের ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে। বুধবার সব স্কুল ও পার্ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার সিটি হল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh