কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল শান্তর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ৭:০১ অপরাহ্ণ

রাজধানীর হাজারীবাগের পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শান্ত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহত শান্ত হাজারীবাগ লেন এলাকার বাসিন্দা। তার বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোড এলাকার একটি ব্লেজারের দোকানের কর্মী।

আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের পাঁচ-ছয়জন হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় শান্তও এলাকাবাসীর সঙ্গে চোরদের ধরতে দৌড়ে যায়।

একপর্যায়ে চুরি করতে আসা কিশোরেরা শান্তর বুকের বামে পাশে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি বলেও জানান তিনি।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখানে অন্য আরেকটা ঝামেলা হওয়ায় এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে কারা এই ঘটনায় জড়িত আমরা তাদের নামগুলো পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাব তাদের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh