খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক এমপি টিপু কারাগারে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে হেফাজত থেকে তাকে কারাগারে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর ফোয়াদ আহমেদ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫০ এর দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় এ বছরের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১নং আসামি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh