৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টের রুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি সেই ২৪ জন শিক্ষার্থীর পক্ষে এ নোটিশ পাঠান। মন্ত্রী পরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান জন প্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১৪ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের পদক্ষেপ নিতে বলা হয়। প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নোটিশে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে। তবে সেই নোটিশের জবাব না পেয়ে ভুক্তভোগীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh