প্রশাসনকে জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে কাজ করতে হবে : কায়কোবাদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ

জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে কাজ করতে হবে, যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে বলে প্রশাসনকে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (১ জানুয়ারি) রাতে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।

এ সময় ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহন করবেন, কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা দেখবেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনকে সন্তোষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। এসময় তিনি আরো বলেন মিথ্যা মামলায় যারা কারাগারে আছে তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভাল কাজ হবে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এটা করা উচিত। পতিত সরকারের নির্যাতনের শিকার শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছরের নির্বাসিত জীবন শেষে বুধবার রাতে জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন। কায়কোবাদকে বহনকারী গাড়ী বহরটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার নারী-পুরুষের ঢল নামে।

দীর্ঘদিন পর মুরাদনগরে এসে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত শেষে মুরাদনগরস্থ বাসভবনে পৌছান।

শোকরানা ও দোয়া মাহফিলে এ সময় আরো উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহাম্মেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল উদ্দিন ভূইয়া, আবদুল আজিজ মোল্লা, আমজাদ আলী তছুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ভাবে একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮ ডিসেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের মাটিতে অবতরন করেন। তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান ।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh