সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্রের সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম ঝিকু, সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন জাসদের আহ্বায়ক মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এবং যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুর হক মনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এক যৌথ বিবৃতিতে বলেন:
বাঙালি জাতিসত্তার অগ্নিঝরা স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নব্বইয়ের সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের রূপকার, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী, মেহনতি মানুষের কণ্ঠস্বর জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা রাশেদ খান মেননসহ জাতীয় নেতৃবৃন্দদের অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক রেখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালকে অপব্যবহার করে এই ধরনের কার্যক্রম পুরো জাতিকে হতবাক ও ক্ষুব্ধ করেছে। স্বাধীনতা সংগ্রামের ৫৩ বছর পর মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসেনানী ও কীর্তিমান জাতীয় নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার মাধ্যমে যে প্রহসন চালানো হচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধের চরম অবমাননা এবং চূড়ান্ত দৃষ্টতা।
এই জবরদখলকারী সরকার এবং একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্রে দেশ বর্তমানে বিভাজন ও গৃহযুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। দেশ ও দেশের জনগণকে এই বিপন্ন ও ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য আমরা সাম্প্রদায়িক অপশক্তি এবং তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারকে পরাজিত করার আহ্বান জানাই।
আমরা দৃঢ়ভাবে দাবি করছি, জাসদ সভাপতি কমরেড হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দেশ ও বিদেশের সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
আমরা বাঙালির চিরন্তন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ এবং লাল বদর কিশোর গ্যাংসহ সকল ধরনের অপশক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব অর্পণ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
সকলের ঐক্যই দেশের সমৃদ্ধি ও স্থিতিশীলতার মূলমন্ত্র।