গৃহকর্মীকে মারধরের অভিযোগে যা বললেন পরীমণি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি কয়েকদিন অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন। আর তা অবশ্যই তার ক্যারিয়ার নিয়ে নয়, বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে। ফলে তার ব্যক্তিগত জীবনও থাকে সমালোচনার মধ্যে।

এবার এক গুরুতর অভিযোগ এলো নায়িকার বিরুদ্ধে। বাসার গৃহকর্মীকে নাকি বেধরক মারধর করেন তিনি। ভুক্তভোগী সেই গৃহকর্মী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। আর বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন নায়িকা।

সম্প্রতি এক গণমাধ্যমকে নায়িকা দাবি করেন, ওই তরুণী তার গৃহকর্মী নয়। অসহায়ত্বের কথা বলে নাকি কাজের জন্য এসেছিল। কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন-বোনাসসহ বিদায় জানানো হয়েছে। শুধু তাই নয়, নায়িকা এও সন্দেহ প্রকাশ করে বলেন, ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারেন এবং তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

পরীমণির কথায়, ‘মেয়েটা চাকরির জন্য এসেছিল। খুব কান্নাকাটি করলো। বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি। অন্তত একটা মাস থাকি। আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী।’

পরীমণি বলেন, ‘ওর কাজ করার সক্ষমতা ছিল না। তবু আমি তাকে বললাম, কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে।’

পরীমণি আরও বলেন, ‘ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো। দুইদিন পর পর এ সমস্যা, সে সমস্যা, শুধু টাকা চায়। ভেবেছিলাম, এসেছে যখন একমাস থাকুক। পরে যার মাধ্যমে এসেছে, তাদের জানালাম। ওকে যখনই বিদায় হতে বললাম, কান্নাকাটি শুরু করলো। পরে ১ মাসের বেতন ২০ হাজার টাকা, ঈদের বোনাস, সালামি, নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম। ভারি কিছু তুলতে পারে না, আমার ছেলেকে কোলে নিতে পারে না। এক মাসও হয়নি, ব্ল্যাকমেইল শুরু করেছে।’

নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে। তাদের সঙ্গেই আমার সবকিছু। আমি তাদের ‘আপনি’, ‘আন্টি’ ছাড়া কথা বলি না। এত বছর ঢাকা শহরে থাকি, আমার গৃহকর্মী, গাড়িচালক কাউকে বদলাতে হয়নি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। চার-পাঁচ দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক। সে অসহায়ত্ব দেখালো বটে, কিন্তু সে খুব স্মার্ট। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে। কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। কার কার সঙ্গে ফোনে কথা বলতো, কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলেই সব বেরিয়ে যাবে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh