শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

দেশের শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “অনেকে অভিযোগ করেছেন যে গ্যাসের অভাবে তাঁরা কারখানা স্থাপন করতে পারছেন না। সেই প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকার দ্রুত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিচ্ছে, যেন বিদেশ থেকে পর্যাপ্ত গ্যাস আমদানি করে সরবরাহ নিশ্চিত করা যায়।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে এই বিষয়ে সম্ভাব্য একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, “এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ। এটি প্রধান উপদেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় আন্তর্জাতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা আশা করি, এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়বে।”

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, “পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় যেখানে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩২০ কোটি মার্কিন ডলার, অন্তর্বর্তী সরকার এসে তা নামিয়ে এনেছে মাত্র ৬০ কোটিতে। অবশিষ্ট ঋণও আগামী কয়েক মাসের মধ্যেই পরিশোধের পরিকল্পনা রয়েছে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh