সব
স্বদেশ বিদেশ ডট কম
ব্রিটিশ শাসনামলে নবীগঞ্জ থানার (বর্তমানে সিলেট বিভাগ) ৩৯ নম্বর সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাসের স্মরণে এবং ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্মারক গ্রন্থ ‘কালের অভিযান’-এর মোড়ক উন্মোচন, পাঠ প্রতিক্রিয়া এবং বই বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস পাঠাগার’-এর সনাতন-দীননাথ পাঠকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শক রত্না দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কলেজ পরিদর্শক মো. শোয়েব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শ্রীমান সনাতন ও দীননাথ দাসকে। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ছাইম উদ্দিন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের গ্রন্থাগারিক মো. মোতাহের তরফদার, হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী জানু, নবীগঞ্জ উপজেলা বিদ্যালয়ের অধ্যক্ষ কাঞ্চন বণিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিওজিআইপি) শাকিল আহমেদ এবং নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দুই নেতা সলিল বরণ দাস ও এম.এম. মুজিবুর রহমান, প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রীমান সনাতন ও দীননাথ দাস জনসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। পঞ্চায়েতের সরপঞ্চ হিসেবে তাঁদের অবদান, ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ভূমিকা তাঁদের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।”
উল্লেখযোগ্যভাবে, উন্মোচিত স্মারক গ্রন্থ ‘কালের অভিযান’ সম্পাদনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী। গবেষণালব্ধ এই গ্রন্থটিতে বৃহত্তর সিলেট অঞ্চলের ১২০টি সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও সদস্যদের সংক্ষিপ্ত জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রন্থটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন শাহ আতিকুল হক কামালী, মোহাম্মদ গোলাম কিবরিয়া, শামসুল আমিন, জার্নেল চৌধুরী জনি, মুজিবুর রহমান মুজিব এবং রত্নদীপ দাস রাজু।
এই স্মারক গ্রন্থটি স্থানীয় সরকার ব্যবস্থার ঐতিহ্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠক ফোরামের সদস্য কাজল দাস, গৌতম দাস, দেবাশীষ দাস রতন, পার্থ দাস, জয় দাস, সাগর দাস, জনি দাস, অনিক দাস, গোপাল দাস জিৎ, দীপ শেখর দাস, রিপন দাস প্লাবনসহ অনেক পাঠক।-বিজ্ঞপ্তি