প্রধান উপদেষ্টা-গর্ডন ব্রাউনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূত, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার এক টেলিফোন আলোচনায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

ফোনালাপে গর্ডন ব্রাউন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাজনক চিত্র তুলে ধরে একে ‘একটি হারিয়ে যাওয়া প্রজন্ম’ হতে না দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশাবাদ ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ার সক্ষমতা নিয়ে বেড়ে উঠতে পারে।’ তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গর্ডন ব্রাউন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিক্ষা কর্মসূচি সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান এবং তার আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন। তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন।

আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বর্তমানে প্রায় পাঁচ লাখ শিশু শিক্ষাবঞ্চিত অবস্থায় রয়েছে, যা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বড় একটি মানবিক চ্যালেঞ্জ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh