সব
মতিয়ার চৌধুরী-লন্ডন,
২০জুন ২০২৫ শুক্রবার লন্ডন সময় সকাল দশটার কিছু আগে সেন্ট্রেল লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের উপর হামলায় দুই বিক্ষোভকারী আহত হয়েছেন, হামলার সাথে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ঘটনাস্থলে তাৎক্ষনিক আহত দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
চলমান ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে তার দেশ এই সংঘাতে হস্তক্ষেপ করবে কিনা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিক্ষোভটি বর্তমান ইরানী শাসনবিরোধী বিক্ষোভ বলে মনে হচ্ছে।
বিক্ষোভকারীদের ইরানের সাবেক শাসক শাহ-পন্থী বলে ধারনা করা হচ্ছে । এসময় তাদের হাতে ১৯৭৯ সাল পূর্ববর্তী ইসলামিক বিপ্লবের জাতীয় পতাকা সহ ক্রাউন প্রিন্স রেজা পাহলভির সমর্থনে বিভিন্ন পতাকা ও ফেষ্টুন বহন করতে দেখা গেছে । এসময় বিক্ষোভ কারী কয়েকজনের হাতে ইসরায়েলি পতাকাও দেখা গেছে ।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন: “শুক্রবার, ২০ জুন সকাল ৯:৫৩ মিনিটে, প্রিন্স গেট, SW1-এ একটি গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে – তারা এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ব্রিটিশ পুলিশ আহত এবং আটক কারো নাম প্রকাশ করেনি। সকাল থেকেই ইরান এম্বেসী ঘিরে রেখেছে পুলিশ।