সব
স্বদেশ বিদেশ ডট কম

বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, আবদুল মতিন সরকার একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় তার নাম আসায় তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এছাড়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চলতি বছরের ১১ মার্চ বগুড়ার স্পেশাল জজ আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুলাই কলেজে ভর্তির কথা বলে এক ছাত্রীকে বাসায় নিয়ে গিয়ে তার ছোট ভাই তুফান সরকার তাকে ধর্ষণ করেন। পরে তুফানের স্ত্রী ও তার সহযোগীরা মেয়েটি এবং তার মায়ের ওপর নির্যাতন চালায় এবং তাদের মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনায় ছাত্রীর মা মামলা করলে তুফানসহ ১০ জনকে আসামি করা হয়। এ ঘটনার পরই আলোচনায় আসেন আবদুল মতিন সরকার।
ছোট ভাই তুফান সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। আবদুল মতিন সরকার সর্বশেষ পৌরসভা নির্বাচনে বগুড়া শহরের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।