চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ

বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির দায়ের করা মামলায় শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার নূরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর পক্ষে যুক্তি দেন, আর আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সজীব সোহাগ জামিন চেয়ে বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় কথিত জনতা বাসায় ঢুকে তাকে হেনস্থা করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে হেফাজতে নেয়ার আগে মব তাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং ভিডিও ধারণ করে। অনেককে লাইভস্ট্রিম করতে দেখা যায় যেখানে নূরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে তাকে অপদস্থ করা হচ্ছিল।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বিএনপির করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী কমিশনাররা রয়েছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়া নূরুল হুদা ২০১৮ সালের একাদশ সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্ন করেছিলেন। তার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh