সব
স্বদেশ বিদেশ ডট কম

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে ২৮ জন বাংলাদেশি সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সরকারের সহযোগিতায় এসব বাংলাদেশিকে দ্রুত করাচিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তারা বিমানে করে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করা ৯২ জন বাংলাদেশির একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ২৮ জনকে ফিরিয়ে আনার কাজ চলছে। এদের মধ্যে অসুস্থ ব্যক্তি, নারী, শিশু এবং ইরানে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ফেরত আসতে ইচ্ছুক নাগরিকদের জড়ো করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকাভুক্ত বাংলাদেশিরা স্থলপথে ইরান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করছেন এবং এরপর করাচি বা নিকটবর্তী বিমানবন্দর হয়ে তারা দেশে ফিরবেন।
এ বিষয়ে ইসলামাবাদে কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের দেশটি ত্যাগ করতে হবে।
এদিকে তেহরানে অবস্থানরত প্রায় ১০–১২ জন বাংলাদেশি শিক্ষার্থী এখনই দেশে ফিরতে চান না। ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। যুদ্ধের শুরুতে অনেকে দেশে ফেরার আগ্রহ দেখালেও এখন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “শিক্ষার্থীরা প্রথমে দেশে ফিরতে চাইলেও এখন তারা মনে করছেন বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ রয়েছে। ফলে তারা আরও কিছুদিন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান। কারণ একবার দেশে ফিরে গেলে পরে আবার ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে।”