সব
স্বদেশ বিদেশ ডট কম

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ জুলাই রোববার দুপুর ১২টায় বিপুল উৎসাহ ও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় বিদায়ী কমিটি যথাযথ নিয়ম মেনে আন্তরিক পরিবেশে দায়িত্বভার হস্তান্তর করে। আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের ট্রাস্টি মনোনীত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ্ব আব্দাল মিয়া।
নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছার হোসেইন এবং ট্রেজারারের দায়িত্বে রয়েছেন রকিবুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি এবং রুহেল মিয়া।
দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এবং সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল। সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টুটুল।
সভায় মসজিদের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। দ্বিতীয় পর্বে শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সভার শুরুতে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন এবং বর্তমানে প্রয়াত, তাদের আত্মার মাগফিরাত কামনায় ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
সভা শেষে সবার জন্য খাবার পরিবেশন করা হয় এবং এই দ্বি-বার্ষিক সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।