সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলদি সরকারি স্কুলে শুক্রবার সকালে ছাদ ধসে অন্তত ছয় শিশুর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উপস্থিত ছিলেন প্রায় ৬০ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। সম্প্রতি টানা ভারী বৃষ্টির ফলে দুর্বল ছাদ ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ছাদের ধস নামতেই চারপাশে চিৎকার ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়; ধুলো ও ধ্বংসাবশেষে আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান এবং আটকে পড়া শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা চালান। উদ্ধার অভিযানে অংশ নেয় চারটি জেসিবি মেশিন। শিক্ষার্থীদের পরিবার সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ছয়টি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে “গভীরভাবে বেদনাদায়ক” বলে মন্তব্য করেছেন। এক্সে দেওয়া বার্তায় তাঁর কার্যালয় জানায়, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
এদিকে, রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত হবে এবং কেন বা কীভাবে ভবনটি ধসে পড়ল, তার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।