কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ২৬, রাষ্ট্রীয় শোক পালন করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবারের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রথমে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হলেও পরে সাভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবন থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২ বছর বয়সী একটি শিশুর মরদেহও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই হামলায় ১৬ শিশুসহ মোট ১৫৯ জন আহত হয়েছেন।

এ হামলার জেরে শুক্রবার ইউক্রেনে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর এটি কিয়েভে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত।

এছাড়া আজ শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের ঝাপোরিঝঝিয়ায় রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওই অঞ্চলের সামরিক প্রশাসন।

রাশিয়ার সাম্প্রতিক এই আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মিত্র দেশগুলোকে রাশিয়ায় ‘শাসক পরিবর্তনের’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রুশ হামলার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়া—আমার মতে, তারা যা করছে, তা অত্যন্ত নিন্দনীয়।” তিনি আরও জানান, মস্কোর ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এছাড়া চলতি সপ্তাহে ট্রাম্প রাশিয়াকে তাদের চার বছর ধরে চলমান আগ্রাসন বন্ধে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ার করেছেন, তা না হলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh