গাজায় অনাহারে মৃতের সংখ্যা ২১২, অধিকাংশ শিশু

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের চলমান হামলা ও অবরোধের মধ্যে অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার কেন্দ্রীয় গাজার নেজারিম করিডরের কাছে আকাশপথে বিতরণ করা খাদ্য সহায়তার একটি প্যালেট পড়ে ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মুহান্নাদ জাকারিয়া ঈদ নিহত হয়। আল জাজিরা যাচাই করা ফুটেজে দেখা গেছে, মুহান্নাদের মরদেহ ঘিরে মানুষ দাঁড়িয়ে আছে এবং তার বাবা হাসপাতালের ভেতর ছেলেকে জড়িয়ে ধরে আছেন। মুহান্নাদের ভাই জানান, দুর্ভিক্ষ ও কষ্টের মাঝেও সহায়তা সংগ্রহ করতে গিয়ে একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে যায়।

জাতিসংঘ সতর্ক করেছে, আকাশপথে সহায়তা পাঠানো ঝুঁকিপূর্ণ, ব্যয়সাপেক্ষ এবং অকার্যকর, পাশাপাশি স্থলপথে নিয়মিত সহায়তা ঢোকার অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, অক্টোবর ২০২৩ থেকে আকাশপথে সহায়তা বিতরণে অন্তত ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্রে জানা গেছে, শনিবার ইসরায়েলি বাহিনীর গাজাজুড়ে হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪০ জন সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh