সব
বদরুল মনসুর,

প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝে আনন্দ ও মিলনমেলার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করেছে এক চমৎকার বার্ষিক বনভোজন। ৭ আগস্ট ইংল্যান্ডের ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে অনুষ্ঠিত এ ফ্যামিলি ডে ট্রিপে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই ভ্রমণে কোচ বহরে যাত্রা করে অংশগ্রহণকারীরা। পরিবার থেকে আনা বিরিয়ানি, পিয়াজি, সন্দেশ, সালাদ, ফল, ডেজার্ট ও মিষ্টিসহ নানা রকম খাবার সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও আল্লাহর সৃষ্টির নানা নিদর্শন কাছ থেকে দেখার সুযোগে সবাই মুগ্ধ হন।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন ও কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি এম আসকর আলীর সঞ্চালনায় পিকনিক স্পটে আয়োজিত আনন্দ সভায় বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ার ডিরেক্টর নজির উদ্দিন, কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব ও কচুয়া আল-মন্সুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ফাউন্ডার্স ডিরেক্টর রকিব উজ্জামান মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অংশগ্রহণকারীরা জানান, এটি ছিল এক চমৎকার ও স্মরণীয় দিন। তারা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। মোহাম্মদ মকিস মনসুর বলেন, ব্রিটেনের সামার হলিডের শুরুতে নির্মল প্রকৃতির মাঝে আনন্দ ভাগাভাগির এই উদ্যোগ কর্মব্যস্ত প্রবাসীদের জন্য প্রশংসনীয়।
চেয়ারপার্সন আব্দুল হান্নান শহীদুল্লাহ্ বলেন, বনভোজন মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানসিক প্রশান্তি আনে। প্রতিবছরের মতো এবারের আয়োজনও সবার সহযোগিতায় সফল হয়েছে। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার জানান, প্রতিষ্ঠার পর থেকে ওয়েলফেয়ার এসোসিয়েশন এ ধরনের আয়োজনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তাদের উদ্দেশ্য প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের মুহূর্ত ভাগাভাগি করা।