সব
বি.এইচ. সরদার,
‘হৃদয়ে যাদের বঙ্গবন্ধু’ পরিচয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন লন্ডনের সাংবাদিকরা। গতকাল শুক্রবার লন্ডন সময় বিকেল চার ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক আবু মুসা হাসানের নেতৃত্বে সাংবাদিকরা এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রখ্যাত সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী, সত্যবাণী সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক আনসার আহমেদ উল্লা, সাপ্তাহিক জনমত এর মুসলেহ উদ্দিন আহমেদ, এটিএন বাংলা ইউকের সাঈম চৌধুরী, সাপ্তাহিক ব্রিকলেইন’র সম্পাদক জুয়েল রাজ, স্বদেশ বিদেশ সম্পাদক বাতিরুল হক সর্দার, প্রথমআলো উত্তর আমেরিকা প্রতিনিধি আজিজুল আম্বিয়া ও ব্রিটবাংলার শাহ মোস্তাফিজুর রহমান বেলাল প্রমূখ।
পূর্ব লন্ডনেরলতাব আলী পার্কের শহীদ মিনার ও সিডনি ষ্ট্রীটে ব্যক্তিউদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে দুই দফায় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান বলেন একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোন ছাড় দেবেনা, কোন আপোষ নয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। আর বঙ্গবন্ধু না থাকলেতো বাংলাদেশই থাকেনা। সুতরাং এই তিনটি বিষয়ে কোন আপোষ নেই। শ্রদ্ধা প্রদর্শনের সময় শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে বঙ্গবন্ধুকে নিয়ে গণসঙ্গীতও পরিবেশন করেন উপস্থিত সাংবাদিকরা।