আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করল পাকিস্তান। মাঠের বাইরের বিতর্ককে পেছনে ফেলে সালমান আলি আগা, ফখর জামান ও শাহীন আফ্রিদিদের দুর্দান্ত নৈপুণ্যে স্বস্তির জয় তুলে নিল দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মধ্যে পড়ে পাকিস্তান। টানা তিন ম্যাচে ডাক মেরে লজ্জার রেকর্ড গড়েন সাইম আইয়ুব। তবে ফখর জামানের ৫০ রানের ইনিংস এবং অধিনায়ক সালমানের সঙ্গে তার ৬১ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরায়। শেষ দিকে শাহীন আফ্রিদির ২৯ রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৪৬।

লক্ষ্য তাড়া করতে নেমে কখনো ম্যাচে ফেরার সুযোগ পায়নি আমিরাত। ওপেনারদের ব্যর্থতার পর কেবল উইকেটরক্ষক রাহুল চোপড়া (৩৫) ও ধ্রুব পরাশার (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে জয় দিতে পারেননি। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, আব্রার আহমেদ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।

এই জয়ে ভারতের সঙ্গে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করল পাকিস্তান। তবে রানরেটে পিছিয়ে থাকায় গ্রুপের দুই নম্বরে থাকতে হচ্ছে সালমানদের। ভারতের রানরেট ৪.৭৯৩ হলেও পাকিস্তানের ১.৭৯০। ফলে গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয়-পরাজয় যাই হোক না কেন, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠবে বলে সম্ভাবনা প্রবল।

আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জুনাইদ সিদ্দিকি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh