সব
বিজ্ঞপ্তি,

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ এক বিবৃতিতে মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের জাতীয় বীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধের জন্য জাতীয় ও আন্তর্জাতিক গণতান্ত্রিক ও প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে জাসদ উল্লেখ করেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণকারী পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী বাহিনীর সদস্যদের যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেআইনিভাবে পুনর্গঠিত করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চালানো হচ্ছে এবং যুদ্ধাপরাধীদের আইনজীবীকে প্রধান প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা বিচারপ্রক্রিয়াকে প্রতিহিংসামূলক ও অবিচারের পথে নিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭০ সালে বাংলাদেশের জাতীয় পতাকার অন্য রূপায়নকারী, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে জাতীয় পতাকা আনুষ্ঠানিক উত্তোলক এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প কমান্ডার ছিলেন জাতীয় বীর হাসানুল হক ইনু। তাকে বেআইনিভাবে পুনর্গঠিত আদালতে ষড়যন্ত্রমূলকভাবে বিচারিক হত্যার শিকার করার চেষ্টা করা হচ্ছে, যা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের পরাজয়ের প্রতিশোধমূলক পরিকল্পনা বলে জাসদ মনে করে।
জাসদ জানিয়েছে, প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য, সাক্ষাৎকার ও টেলিফোন কলকে বেআইনি আলামত হিসেবে ব্যবহার করে ইনুকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ২৫ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেয় এবং ২৯ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এর আগে, ২৬ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে ইনুর বিরুদ্ধে শতাধিক ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৯১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জাসদ এই অবিচার ও ষড়যন্ত্র প্রতিরোধে গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় জনগণ ও আন্তর্জাতিক মহলের সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেছে।